রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নির্বাচনী সেন্টার কমিটি গঠন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে স্থানীয় ‘ভিন্ন জগত’ বিনোদন কেন্দ্রে খলেয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শামসুজ্জামান সামু। তিনি তার বক্তব্যে বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে হবে। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।"
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ মাসুদ রানা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার।
খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহে্র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।