আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী প্রতিক্ষিত গণভোট। এই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদীয় আসনে ব্যাপক প্রচারণা ও জনমত তৈরিতে নিরলস কাজ করছেন গণভোটের বিশেষ অ্যাম্বাসেডর ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান।প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন। মঙ্গলবার মিঠাপুকুরের ঐতিহ্যবাহী হুলাশুগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেন তিনি। ক্যাম্পেইন চলাকালে ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদের মাধ্যমে তোমাদের বাবা-মা এবং পাড়া-প্রতিবেশীদের কাছে এই গণভোটের গুরুত্ব পৌঁছে দিতে হবে। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।"ব্যতিক্রমী এই প্রচার কৌশলে শিক্ষার্থীদের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীরাও বেশ উৎসাহের সাথে এই প্রচারণায় অংশ নিচ্ছে এবং তারা তাদের নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছে।সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এই প্রচারণা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলছে, যা আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।