ময়মনসিংহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: শুক্রবার, মে ০১, ২০২৬
news-banner
ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম(১৫) নামের এক স্কুল শিক্ষার্থীকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ।

১ মে-২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যায়।

৩০ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের পূত্র। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। এ সময় কথাবার্তার একপর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিয়ামকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান,নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু'জনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

Leave Your Comments