নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন দলীয় নেতা নুর হোসেন কইতর। তিনি কাশিরাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে দলকে সুসংগঠিত করার কাজে নিয়োজিত আছেন। রাজপথের নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে রাজনৈতিকভাবে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, বিএনপির দুর্দিনে ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তিনি ঢাকায় গ্রেফতার হন এবং কেরানীগঞ্জ কারাগারে প্রায় ৭০ দিন হাজতবাস করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
মনোনয়ন প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নুর হোসেন কইতর বলেন, "দলের দুঃসময়ে রাজপথ থেকে কখনো পিছু হটিনি। জেল-জুলুম ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সবসময় তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলাম এবং আছি। দলীয় আদর্শ ও নির্দেশনা মেনেই আমি কাজ করে যাচ্ছি। কাশিরাম বেলপুকুর ইউনিয়নবাসী আমাকে ভালোবাসেন, আর দল যদি আমার ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তবে আমি বিজয়ী হয়ে এলাকার অবকাঠামো উন্নয়ন, শতভাগ নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করব।"
এলাকার তৃণমূল নেতাকর্মীদের মতে, কারানির্যাতিত ও পরীক্ষিত নেতা হিসেবে নুর হোসেন কইতর মনোনয়ন পেলে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনী মাঠে ইতিবাচক সাড়া মিলবে।