শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চালু হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রম। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় উপজেলা প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে এ পাঠাগার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।
বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে দীর্ঘ সময় ব্যয় করছে। এমন বাস্তবতায় পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞান অর্জন, মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ শুধু বই পড়ার একটি জায়গা নয়; বরং শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার উদ্যোগ। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের বৃহত্তর লক্ষ্য জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। সেই লক্ষ্যের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।
উপজেলা প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।