রংপুরের রাজনীতিতে ফিরছেন সাবেক মেয়র আব্দুর রউফ মানিক

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বুধবার, এপ্রিল ০৮, ২০২৬
news-banner
রংপুর সিটি কর্পোরেশনের রাজনীতিতে আবারো পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘ বিরতির পর রাজপথে সক্রিয় হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রংপুর পৌরসভার সাবেক সফল মেয়র এবং জাতীয় পার্টির এক সময়ের প্রভাবশালী নেতা এ.কে.এম. আব্দুর রউফ মানিক। পৌর মেয়র হিসেবে ৮ বছর অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনকারী এই বর্ষীয়ান নেতা পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই নগরীর মুন্সিপাড়ায় নিজ বাসভবনে অবস্থান করছেন। তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামছে। দীর্ঘদিন রাজনীতির লাইমলাইটের বাইরে থাকলেও তিনি যে জনবিচ্ছিন্ন হননি, মুন্সিপাড়ার বাসভবনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার প্রমাণ দিচ্ছে। বর্তমানে তিনি নিয়মিত তাঁর পুরোনো কর্মী-সমর্থকদের সাথে সাক্ষাৎ করছেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও শলা-পরামর্শ চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুর রউফ মানিকের পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার এই ঘোষণা আগামী সিটি নির্বাচন বা জাতীয় রাজনীতির সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মেয়র থাকাকালীন ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষের হৃদয়ে তাঁর একটি মজবুত ভিত্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী দিনে তাকে নতুন কোনো জোরালো ভূমিকায় দেখা যেতে পারে। তবে তিনি কোন প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও তাঁর অনুসারীদের দাবি—রংপুরের সাধারণ মানুষ একজন অভিজ্ঞ, দক্ষ ও উন্নয়নমুখী অভিভাবক হিসেবে তাকে আবারো মূলধারার রাজনীতিতে সক্রিয় দেখতে চায়। মূলত জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার ও রংপুরের টেকসই উন্নয়নের লক্ষ্যেই এই বর্ষীয়ান নেতা আবারো মাঠে নামছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments