আওয়ামী লীগের কথিত পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ মঙ্গলবার বিকেলে জেলা যুবদল নেতা আকিবুল ইসলাম মনুর নেতৃত্বে নগরীর সেন্ট্রাল রোড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিসহ নানা রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। সমাবেশে যুবদল নেতা আকিবুল ইসলাম মনু বলেন, বিদেশে বসে চক্রান্ত চালিয়ে দেশের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা চলছে। সম্প্রতি ঘটে যাওয়া সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি রাজপথে থেকে সব চক্রান্ত মোকাবিলার ঘোষণা দেন। একই সাথে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী রাজপথে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে রংপুর জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।