ফতুল্লা বাজারে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

মারুফ আলমঃ

Date: সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে খাদ্যপণ্যের মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যানের মাধ্যমে বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় কয়েকটি খাদ্যপণ্যে ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোসের উপস্থিতি শনাক্ত হয়।

পরীক্ষায় অনিয়মের প্রমাণ পাওয়ায় ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা ও জরিমানার আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার।

সংশ্লিষ্টরা জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তিনটি বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং প্রচলিত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave Your Comments