“নো ফুয়েল কার্ড, নো ফুয়েল”; পঞ্চগড়ের বোদায় অভিযানে উপজেলা নির্বাহী অফিসার

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

Date: রবিবার, এপ্রিল ০৫, ২০২৬
news-banner
“নো ফুয়েল কার্ড, নো ফুয়েল” নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

শনিবার সকাল ১০টার দিকে বোদা পৌরসভা সংলগ্ন সাবাব পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। তবে ইউএনও উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক বাইকার দ্রুত সরে যান। পরে জানা যায়, তাদের অনেকের কাছেই বৈধ ফুয়েল কার্ড ছিল না।
পরবর্তীতে ইউএনওর তত্ত্বাবধানে ফুয়েল কার্ড যাচাই করে প্রতিটি মোটরসাইকেলকে ৩০০ টাকার তেল দেওয়া হয়। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়, যেসব বাইকে তিন লিটারের কম তেল রয়েছে কেবল তারাই তেল পাবে; তিন লিটারের বেশি তেল থাকলে তাদের তেল দেওয়া হবে না।
এ সময় ইউএনও মোঃ আশরাফুল ইসলাম উপস্থিত জনসাধারণকে সতর্ক করে বলেন, “যারা ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে আসবে, তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান এবং বোদা উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহি সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, এই ধরনের অভিযান জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপব্যবহার কমাতে সহায়ক হবে।

Leave Your Comments