রায়গঞ্জে অটোচালককে গলাকেটে হত্যার ঘটনায় একজন গ্রেফতার

এরশাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশা উদ্ধারসহ শামীম উদ্দিন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার শামীম উদ্দিন তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত নাঈম হোসেন (২৫) সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন। 
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘ঘটনার পরই ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রাম থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার এবং অটোরিকশা হেফাজতে রাখার অভিযোগে শামীমকে আটক করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ এর আগে গত মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেও পায়নি স্বজনরা।
উল্লেখ্য বুধবার সকালে খৈচালা বিল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হলে বুধবার সন্ধ্যায় নিহতের দাফন করেন স্বজনরা। পরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খাতুন বাদি হয়ে রায়গঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

Leave Your Comments