সিরাজদিখানে রাতের আধারে কাটা হচ্ছে ফসলি জমির মাটি

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :

Date: বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
news-banner
সিরাজদিখানে বালুচর ইউনিয়নের চান্দেরচর এলাকায় চান্দেরচর মৌজায় রাতের আধারে অবাধে ফসলি জমির মাটি কাটছে একটি চক্র। ভেকু দিয়ে গর্ত করে এসব মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে উর্বরতা হারাচ্ছে জমিগুলো। প্রশাসনের দাবি, অবৈধভাবে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এর পরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রত্যন্ত গ্রামে জমির মাটি কাটা হচ্ছে।
মাটি ব্যবসায়ী চক্রের সদস্যরা জমির মালিকদের নানান প্রলোভন দেখিয়ে ভেকু দিয়ে মাটি তুলছেন। অল্প দামে মাটি কিনে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। প্রতিবছরের ন্যায় এবারও মাটি কাটা চক্রের ইসরাফিল ও কালাইচান মাতবর উপজেলার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চান্দেরচর মৌজার ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলে ফসলি জমির মাটি কাটার তান্ডব ।
স্থানীয়রা জানান,চান্দেরচর গ্রামের ইসরাফিল ও কালাইচান মাতবরের প্রভাব থাকার কারনে বাধা দেওয়ার কিংবা তাদের নাম বলতেও কেউ সাহস পায়না । অভিযোগ অস্বীকার করে কালাইচান মাতবর বলেন, মাটি আমি কাটি না ইসরাফিল কাটে । ইসরাফিল বলেন, আমি কাটার সাখে জড়িত নেই, অন্যেরা মাটি কাটে । নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বলেন, এলাকায় ইসরাফিল আর কালাইচান মাতবর এতই শক্তিশালী তাদের বিরুদ্ধে কথা বললেই বাড়ী-ঘরে হামলা চালাবে । বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বার বার বাধা দিয়েছি ,ফসলি জমি কাটা বন্ধ করতে পারছিনা । প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া বন্ধ করা সম্ভব না । বালুচর ইউপি চেয়ারম্যান মো.আওলাদ হোসেন জানান, মাটি কাটার সাথে জড়িতদের আমি একাধিক বার নিষেধ করেছিলাম কিন্তু এখন কাটে কিনা আমার জানা নেই । এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবো ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, সবাইকে সচেতন হতে হবে।ফসলি জমির মাটি কাটলে জমির উর্বরতা কমে যায়,ফসল উৎপাদনে ব্যাহত হয় । এ ছাড়া ফসলি জমির ওপর সরকারের যে নির্দেশনা আছে তারও বাধাগ্রস্ত হয় । সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন বলেন, আমি কয়েকদিন হয় এখানে যোগদান করেছি । বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খুব শীঘ্রই ব্যবস্থা নিব ।

Leave Your Comments