নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটকরা হলেন— বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটক ৭ জনের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।