পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম হোসেন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) দিক-নির্দেশনায় এসআই (নি.) মিল্টন হোসাইন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিকেল আনুমানিক ৬টা ১০ মিনিটে হাকিমপুর গ্রামে আসামির বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় আসামির পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে অবৈধ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।