পঞ্চগড়ে আলাদা দুর্ঘটনায় নিহত ২, ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধিঃ

Date: বুধবার, মে ২০, ২০২৬
news-banner
পঞ্চগড়ে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ট্রাকচাপায় শিশুর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ও সন্ধ্যায় জেলার দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
 
নিহত শিশু পাপড়ি রাণী রায় (৬) দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকল এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে। সে সোনাপোতা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে নিহত যুবক আনোয়ার হোসেন (২১) তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি ট্রাক্টর শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সোনাপোতা পাঁচকল এলাকায় ভুট্টা শুকানোর কাজ করছিলেন বাবা সেবেন্দ্রনাথ রায়। এ সময় তাকে খুঁজতে মেয়ে পাপড়ি দেবীগঞ্জ-বোদা মহাসড়কে যায়। সড়ক পার হওয়ার সময় দেবীগঞ্জগামী একটি বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এদিকে মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় একটি ট্রাক্টর মোড় নেয়ার সময় উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়েন শ্রমিক আনোয়ার। দ্রুত তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
 
আলাদা এ দুটি ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

Leave Your Comments