পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের হোটেল ও রেস্তোরাঁসমূহে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
আদালত সূত্রে জানা যায়, সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় তদারকি ও সচেতনতামূলক এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে 'শাপলা হোটেল' নামক একটি প্রতিষ্ঠানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ করতে দেখা যায়। বিশেষ করে টয়লেটের সামনে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করার জায়গায় খাবার তৈরি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' এর ৪৫ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু তেঁতুলিয়া বাজারের সকল হোটেল-রেস্তোরাঁ মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত উপায়ে এবং যথাযথ প্রক্রিয়া মেনে খাবার তৈরি ও পরিবেশন করার আহ্বান জানান। একই সাথে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ও অনুমোদিত লাইসেন্স সংগ্রহে রাখা এবং ক্রেতাদের সুবিধার্থে হোটেলের ভেতরের দৃশ্যমান স্থানে খাবারের মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশ দেন।
ইউএনও জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।