সংগঠনকে গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে রংপুর মহানগরের ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে নগরীর কেরানীরহাট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ আকবর হোসেন। ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মহসিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ গোলজার হোসেন।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে মোহাম্মদ আকবর হোসেন বলেন, "রংপুরের সামগ্রিক উন্নয়নে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও মহানগরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সুখে-দুঃখ পাশে থেকে আগামী দিনে সিটি কর্পোরেশন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, দেশ ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং কোনো অপশক্তিকে তা নস্যাৎ করার সুযোগ দেওয়া যাবে না।
সভাপতির বক্তব্যে ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মহসিন বলেন, "জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার পূরণে আমাদের নেতা তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, যা আগামীতে রংপুর মহানগরেও সম্প্রসারণ করা হবে।" এছাড়া রংপুর অঞ্চল কৃষিপ্রধান হওয়ায় কৃষকদের সুবিধার্থে 'কৃষক কার্ড' চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো যেন কোনো বিতর্কের মুখে না পড়ে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি,প্রবীণ নেতা আবু সিদ্দিক তোতাসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতাকর্মীবৃন্দ।