এসপির অভিযানে জেলা কাঁপলেও তল্লায় মাদকের ‘অন্ধকার’ কাটছে না

মেহেদী হাসান অপূর্বঃ

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের তল্লা এলাকায় মাদকের প্রবণতা বাড়ছে—এমন অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় মাদক সহজলভ্য হয়ে পড়ায় বিশেষ করে শিশু-কিশোরদের একটি অংশ ধীরে ধীরে মাদকের ভয়াবহতার দিকে জড়িয়ে পড়ছে।
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান দায়িত্ব নেওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছেন। বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, তল্লা এলাকায় মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এলাকাবাসীর অভিযোগ, তল্লার বিভিন্ন স্থানে ইয়াবাসহ নানা ধরনের মাদক সেবনের প্রবণতা রয়েছে। এর মধ্যে শিশু-কিশোরদের একটি অংশও মরণনেশা ইয়াবাসহ বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছে বলে তারা দাবি করছেন। এতে এলাকায় সামাজিক নিরাপত্তা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের ভাষ্য, মাদকের কারণে কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় তল্লা এলাকায় নিয়মিত ও বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মাদকের উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ জোরদার করা হোক।
এলাকাবাসীর প্রত্যাশা, নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে তল্লা এলাকাতেও কার্যকর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে এবং মাদকের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments