পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যুবকদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ৩৩জনকে প্রশিক্ষণ দিল বিজিবি

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি:

Date: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
news-banner
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৩৩ জন যুবকের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে গত ২৩ আগস্ট ভজনপুর সীমান্ত এলাকায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে সীমান্ত এলাকার ৩৩ জন বেকার যুবক অংশ নেন।

অনুষ্ঠানে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক জিয়াউর রহমান, ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জিল্লুর, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষকসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি কাজ করছে। পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।

Leave Your Comments