বাসের ধাক্কায় অটোরিকশাচালক খবির উদ্দিন গুরুতর আহত, পরিবারে চরম অর্থসংকট

রংপুর প্রতিনিধি:

Date: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
news-banner
ঢাকার সাভারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. খবির উদ্দিন নামের এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার নাটারাম (পশ্চিমপাড়া) গ্রামের মো. আব্দুল খালেক ও মোছা. লুৎফুন নাহারের ছেলে। জীবিকার তাগিদে তিনি সাভারের হরিণধরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর ট্যানারি এলাকা থেকে হরিণধরা মোড়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি বাস তার অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি মাথা, ডান হাত ও বাম হাঁটুতে গুরুতর আঘাত পান। এ ছাড়া তার ডান পায়ের গোড়ালির ওপরের হাড় ভেঙে যায় এবং ক্ষতস্থানে ২৩টি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি সাভারের অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসাধীন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসায় ইতোমধ্যে লাখ লাখ টাকা ব্যয় হওয়ায় পরিবারটি চরম অর্থসংকটে পড়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি (নম্বর-১২৬৬) করা হয়েছে।

Leave Your Comments