ময়মনসিংহ নগরীতে চলাচলের পথে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে মাহমুদুল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নগরীর বিভিন্ন এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর আচরণ করে আসছিল। বিষয়টি নিয়ে অভিভাবক ও ভুক্তভোগীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরাখবর ছড়িয়ে পরলে তারই ভিত্তিতে জেলা পুলিশ সুপার বিষয়টি তদন্ত শুরু করেন।তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।পরে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অব্যাহত থাকবে।