শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

নইন আবু নাঈম শরণখোলা (বাগেরহাট):

Date: শনিবার, জুন ২৭, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে তাদের পরিবারের একমাত্র আয়ের উৎসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর রায়েন্দা ইউনিয়নের ৬ নম্বর কদমতলা ওয়ার্ডে মো. এমাদুল হাওলাদার (৫০)এর বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে তার ইজিবাইকটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তের স্ত্রী জানান, গভীর রাতে টিনে শব্দ ও পোড়া গন্ধ পেয়ে ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে দেখেন ইজিবাইকটি দাউদাউ করে জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ইজিবাইকটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, আমি সময়মতো টের না পেলে আগুন আমাদের বসতঘরেও ছড়িয়ে পড়তে পারত। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
এ সময় ইজিবাইকের মালিক মো. এমাদুল হাওলাদার পারিবারিক কাজে খুলনায় অবস্থান করছিলেন। তার ছোট ভাই, যুবদল নেতা মো. জিয়াউল হাসান জানান, পোড়া গন্ধ পেয়ে বাইরে এসে দেখেন ইজিবাইকটি আগুনে জ্বলছে। তার অভিযোগ, দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে পরিকল্পিতভাবে গাড়িতে আগুন দিয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।
ঘটনার খবর পেয়ে শরণখোলা থানার এসআই লোকমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারটির দাবি, ইজিবাইকটিই ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। হঠাৎ এমন ঘটনায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

Leave Your Comments