কদমতলীতে ফার্মেসিতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার

শরিফ আহমেদ :

Date: শনিবার, জুন ২৭, ২০২৬
news-banner
রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকায় মা ও শিশু মাতৃসদন ইনস্টিটিউটের সামনে অবস্থিত বরিশাল মেডিকেল হল-এ হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। গত ২৪ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ফার্মেসির মালিক মো. সোহেল হাওলাদার।

অভিযোগে বলা হয়েছে, একদল ব্যক্তি হঠাৎ ফার্মেসিতে প্রবেশ করে কর্মচারী শামসুল হকসহ সেখানে উপস্থিত কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় ফার্মেসিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

এ ঘটনায় ফার্মেসির মালিক মো. সোহেল হাওলাদার ২৪ জুন কদমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন।

মুঠোফোনে সোহেল হাওলাদার সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন। বর্তমানে তার ভগ্নিপতি ও ছোট ভাই ফার্মেসির দেখাশোনা করছেন। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, "এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে ফার্মেসিতে হামলা চালায়। তারা ফার্মেসিতে ভাঙচুর করে এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে তারা অভিযুক্তদের পরিচয় সম্পর্কে নিজস্ব দাবি করলেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল বলেন, "ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave Your Comments