সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ মানববন্ধু সংগঠন কেন্দ্রীয় কমিটির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা ‎

নিজস্ব প্রতিবেদকঃ

Date: শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
news-banner
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সংগঠনটির ‘হাত বাড়াই মানবতার টানে’ স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ, মশার বংশবিস্তার রোধ এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
‎
‎প্রচারণাকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ফুলের টব ও টবের নিচের প্লেট, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ ও পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎এ ছাড়া দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে মশারি ব্যবহার, জানালায় নেট লাগানো এবং উপযুক্ত মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। ডেঙ্গু সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ না করার বিষয়েও সতর্ক করা হয়।
‎
‎সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক রোগ। তবে সাধারণ মানুষ সচেতন হলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসুক।”
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, “ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে, সেদিকেও নজর দিতে হবে।”
‎
‎সিনিয়র সহসভাপতি মো. বশির আহমেদ বলেন, “যারা ডেঙ্গুতে আক্রান্ত হন, তারাই এ রোগের কষ্ট সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারেন। তাই ডেঙ্গু প্রতিরোধে সবার আগে নিজেদের সচেতন হতে হবে। প্রত্যেকের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।”
‎ কার্যনির্বাহী সদস্য ভূইঁয়া কাজল বলেন ডেঙ্গু একটি মশা বাহিত রোগ তাই আমাদের বাংলাদেশের প্রতিটি জনগণ যদি সিরিয়াস ভাবে সচেতন হই এবং অন‍্যদের সচেতন করি তাহলে এই রোগ থেকে অনেকাংশে বেঁচে থাকা সম্ভব। 
‎
‎বাংলাদেশ মানববন্ধু সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের মধ্যে মানবিক দায়িত্ববোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন, উপদেষ্টা সানোয়ার খান, উপদেষ্টা বাবু, সিনিয়র সহসভাপতি মো. বশির আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, কার্যনির্বাহী সদস্য ভূঁইয়া কাজল, শিক্ষা ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মো. সোলায়মানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
‎
‎ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির এ উদ্যোগের মাধ্যমে জালকুড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা ও সতর্কতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

Leave Your Comments