রংপুর সদর উপজেলার পাগলাপীরে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিতকরণ ও সার্বিক কল্যাণ কামনায় এক বিশাল মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার পাগলাপীরস্থ গোকুলপুর আলোয়াকুড়ি অরবিট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা মো. সামসুজ্জামান সামু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমি নির্বাচনে জয়ী হই বা না হই, সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও মহানগরের ২৫টি ওয়ার্ডের সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে সবসময় আপনাদের পাশে থাকব। তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে যে বৈষম্যহীন উন্নয়নের ধারা সূচিত হয়েছে, সেখান থেকে কেউ বঞ্চিত হবে না। উন্নয়নের সুফল পেতে কাউকে বিশেষ কোনো দল করতে হবে না; এদেশের নাগরিক হওয়াই উন্নয়নের অধিকার পাওয়ার জন্য যথেষ্ট।"অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম জীবন কুন্ডু। তিনি তার বক্তব্যে বলেন, "আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাস করি। রাজনৈতিক নেতৃবৃন্দ যখন আমাদের পাশে এসে দাঁড়ান এবং অধিকার রক্ষার আশ্বাস দেন, তখন সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি হয়।" বিশেষ অতিথি হিসেবে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম মানিক, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু বিকাশ দাস, বিশিষ্ট ব্যবসায়ী মফিজল ইসলাম জর্দা, হরিদেবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আব্দুর রাসেল এবং সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ চন্দ্র মহন্তসহ স্থানীয় নেতৃবৃন্দ। পূজা উদযাপন পরিষদের নেতা মানিক চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাবু সোনা মহন্ত, অর্জুন চন্দ্র মোহন্ত, প্রভাস চন্দ্র মহন্ত ও যুগোল চন্দ্র মোহন্ত। সভা শেষে উপস্থিত সুধীবৃন্দের সম্মানে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।