দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের একটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি না মানলে পৌরসভা ঘেরাও, সড়ক অবোরধসহ সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর টেঙ্ না দেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বাদজুম্মা পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ব্যানার ফেস্টুন হাতে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা।
“সড়ক দ্রুত সংস্কার করুন, জনগণের ভোগান্তি বন্ধ করুন, অবহেলা আর নয়, সড়ক সংস্কার চাই” এই স্লোগানকে সামনে রেখে পৌর শহরের পশ্চিম গৌরিপাড়া ৪ নং ওয়ার্ড এর নিমতলা মোড় মুন্সি হোটেল থেকে টাওয়ারের মোড় পর্যন্ত বউবাজার সড়কটি সংস্কারের দাবী জানিয়ে এলাকার শতশত পৌর নাগরিক এই মানববন্ধন করেন।
মানববন্ধনে সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাশার, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এস এম নুরুজ্জামান, ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন, জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, "দীর্ঘদিনের অবহেলিত পৌর শহরের পশ্চিম গৌরিপাড়া, ৪ নং ওয়ার্ড এর নিমতলা মোড় মুন্সি হোটেল থেকে টাওয়ারের মোড় পর্যন্ত ওই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। বর্ষাকালে সড়কের উপর পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়। খালখন্দরে ভরা গুরুত্বপুর্ণ ওই সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা বারবার পৌর কতৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কর্ণপাত করেনি।
বক্তারা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কার বাস্তবায়নের ঘোষণা না দিলে, পৌরসভা ঘেরাও, সড়ক অবোরধসহ বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে এবং সেইসাথে সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর টেঙ্ দেয়া হবে না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) ছামিউল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার এই কাজগুলো হয়ে থাকে। চাহিদা দেয়া আছে। অনুমোদন এবং অর্থ বরাদ্দ হয়ে এলেই কাজ শুরু করা হবে।