রায়গঞ্জে শ্যালো মেশিন চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বৃদ্ধ কৃষকের সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন চুরির ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মেশিনটি উদ্ধার এবং দুইজনকে আটক করেছে। আটকৃতরা হলেন গুনগাতী গ্রামের নরুল ইসলামের ছেলে আইয়ুব আলী (২৫) হাসিল গ্রামের বেল্লাল হোসেনের ছেলে মঞ্জু (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরাই হাজীপুর এলাকার কৃষক মো. আব্দুস সালাম খান (৭৩) দীর্ঘদিন ধরে নিজের জমিতে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে তিনি প্রতিদিনের মতো জমিতে সেচকাজ শেষ করে মেশিনটি লোহার শিকল দিয়ে বেঁধে বাড়িতে ফিরে যান। কিন্তু রাত সাড়ে ১০টার দিকে আবার জমিতে গিয়ে তিনি দেখেন, তার একমাত্র ভরসার শ্যালো মেশিনটি নেই।
তিনি আরও জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানালে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরের দিন ভোরে খবর আসে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চুলকানি বাজার এলাকায় একটি অটোচার্জার ভ্যানে করে শ্যালো মেশিন বিক্রির চেষ্টা চলছে।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি অটোচার্জার ভ্যান থেকে চুরি হওয়া শ্যালো মেশিনটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। তবে এ সময় আরও একজন অভিযুক্ত পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ভুক্তভোগী কৃষক জানান, উদ্ধারকৃত শ্যালো মেশিনটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তবে তার কাছে এই মেশিনের মূল্য টাকার চেয়েও বেশি—এটাই তার জীবিকার একমাত্র মাধ্যম।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মেশিনটি উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments