সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১০ মে) দুপুর ২ টার দিকে নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীন কুমার গুন লিটন, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদি, অত্র বিদ্যালয়ের ছাত্র মোঃ সাফি সহ আরও অনেকে।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাঁচা ও নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে গভীর কাদার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের অনেক সময় জুতা হাতে নিয়ে কাদা ভেঙে বিদ্যালয়ে যেতে হচ্ছে। বৃষ্টির দিনে অনেকে বিদ্যালয়ে যেতে না পারায় শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
অভিভাবকরা জানান, ছোট ছোট শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সড়ক পার হয়ে স্কুলে পাঠানো অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কাদা ও পানিতে পড়ে গিয়ে প্রায়ই আহত হচ্ছে শিশুরা। এছাড়া জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া ও সাধারণ চলাচলেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি।
এ সময় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে সড়কটির কোনো টেকসই সংস্কার না হওয়ায় বর্ষা এলেই পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্রুত পাকা সড়ক নির্মাণ ও স্থায়ী সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। স্থানীয়দের দাবি, এই সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়; বরং শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই বর্ষা মৌসুমের আগেই সড়কটির স্থায়ী সংস্কার করা না হলে প্রতিবছর একই দুর্ভোগের শিকার হতে হবে।