পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তেঁতুলিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এই সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনের শুরুতেই পবিত্র কুরআন থেকে অত্যন্ত মনোরম কণ্ঠে কেরাত পরিবেশন করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা উমর ফারুক। এরপর উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি রুদকুরী ফেরদৌস।
ইসলামিক ফাউন্ডেশন তেঁতুলিয়ার ফিল্ড সুপারভাইজার খালিদ মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তেঁতুলিয়া,গিয়াস উদ্দিন, ইউপি সভাপতি, বাংলাদেশ কৃষকদল, তেঁতুলিয়া উপজেলা শাখা।
বক্তারা সমাজে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে এবং নৈতিক সমাজ গঠনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা কীভাবে আধুনিক ও ধর্মীয় সমন্বয়ে সমাজ সংস্কারে অবদান রাখতে পারেন, সে বিষয়েও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী এবং সাংবাদিক জুলহাস উদ্দীন। সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।