সিরাজদিখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: সোমবার, মে ১৮, ২০২৬
news-banner
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি।
গতকাল সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ সিফাতুল ইসলাম জনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি বিভিন্ন সময় নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সমন্বয় করে থানা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে তাকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জনি আরও বলেন, শাহাদাত শিকদার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। এ সময় স্থানীয় যুবদল নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার বলেন, আমি জেনেছি একজন মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সে একাধিক মাদক মামলার আসামি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটিও সত্য প্রমাণিত হলে আমি দায় স্বীকার করব।

Leave Your Comments