পঞ্চগড়ে ইয়াবা সেবনের দায়ে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার ১ লা জুন বিকেলে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় ইয়াবাসহ সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রধানপাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র মামুন হাসান (৪২), রহমতপুর এলাকার মৃত ফরিদুল ইসলামের পুত্র রশিদুল ইসলাম (৩৮) এবং বেংহারী ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের রাজকুমারের পুত্র বিষ্ণু চন্দ্র রায় (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ইউনিয়নের রহমতপুর এলাকায় রশিদুল ইসলামের বাড়ীতে ইয়াবা সেবনের সময় রশিদুল সহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসান ও বিষ্ণু চন্দ্র রায়কে ইয়াবা সেবনের সময় ২ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম সহ হাতেনাতে আটক করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ময়দানদিঘী রহমতপুর এলাকায় রশিদুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযানে আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।