আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নং ওয়ার্ডবাসীর ন্যূনতম নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যগত ও কাঠামোগত পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক সংগঠক মোঃ মুহিদ হাসান (মিম)। সম্প্রতি এক বিবৃতিতে তিনি প্রচলিত নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং একটি প্রকৃত অর্থেই জনবান্ধব ও জনকল্যাণমুখী জনপ্রতিনিধিত্বের কাঠামো তৈরির ওপর জোর দেন।
বিবৃতিতে মিম স্পষ্ট করে জানান, জনপ্রতিনিধি হওয়ার কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা মোহ তাঁর নেই। তবে প্রচলিত শাসন ও জনপ্রতিনিধিত্বের যে ধারা, সেখানে একটি ইতিবাচক পরিবর্তন আনা এখন সময়ের দাবি। তিনি গণতান্ত্রিক ও ইসলামী মূল্যবোধের আলোকে একজন আদর্শ জনপ্রতিনিধির গুণাবলী তুলে ধরে বলেন, গণতন্ত্রের ভাষায় একজন সফল জনপ্রতিনিধিকে অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধ, সৎ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনসেবক হতে হবে। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষা করাই তাঁর মূল কাজ। অন্যদিকে, ইসলামের দৃষ্টিতে নেতৃত্বকে একটি গুরুদায়িত্ব ও পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তিনি সুরা ইউসুফ ও রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি দেন। মিম মনে করেন, নেতৃত্ব কোনো ভোগ-বিলাসের বস্তু নয়, বরং কিয়ামতের মাঠে এর জন্য কঠিন জবাবদিহিতা করতে হবে। অযোগ্য বা লোভী ব্যক্তির হাতে নেতৃত্ব যাওয়া সমাজের জন্য বিপর্যয় ডেকে আনে। রংপুর মহানগরীর ১০ নং ওয়ার্ডের বখতিয়ার পুর আদর্শগ্রামের সন্তান মোঃ মুহিদ হাসান মিম ১৯৯৭ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন। ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার পর তিনি কেরানীরহাট স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে গভঃ আকবর আলী কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতকের হাতে খড়ি।বর্তমানে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে উচ্চতর অধ্যয়ন চালিয়ে যাচ্ছেন।শিক্ষাজীবনের পাশাপাশি মিম দীর্ঘদিন ধরে রংপুরের স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আদর্শ উদ্ভাসন সংঘ’-এর প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘সম্মিলিত ছাত্র জনতার প্লাটফর্ম, রংপুর’-এর অন্যতম দায়িত্বশীল সদস্য ছিলেন।
রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে, চব্বিশের ঐতিহাসিক জুলাই বিপ্লবে তিনি 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর রংপুর জেলার সমন্বয়ক সদস্য হিসেবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির হাজীরহাট থানার প্রতিনিধি সদস্য ও আহ্বানকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি 'জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুব শক্তি’ রংপুর মহানগরের একজন অন্যতম প্রধান সংগঠক হিসেবে কাজ করছেন। ১০ নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে তাঁর এই নীতিগত ও কাঠামোগত পরিবর্তনের আলোচনা আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে মিম আশা ব্যক্ত করেন।