রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) নবনিযুক্ত চেয়ারম্যান এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে বর্ণাদ্ব্য সংবর্ধনা দিয়েছে রংপুর সদর উপজেলা পূজা উদযাপন কমিটি। গতকাল শুক্রবার সকালে পাগলাপীর আলোয়াকুরি দুর্গা মন্দির প্রাঙ্গণে সদর উপজেলা পূজা উদযাপন কমিটির কার্যালয়ে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম জীবন কুন্ডুর নেতৃত্বে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান সামসুজ্জামান সামু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। সদর উপজেলা পূজা উদযাপন কমিটির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাগলাপীরের বিশিষ্ট তামাক ব্যবসায়ী মো. আব্দুল্লাহ, রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক টিটোন, হরিদেবপুর ইউনিয়ন বিএনপি নেতা সাজু মিয়া এবং সদর উপজেলা ছাত্রদলের নেতা মারিফুল ইসলাম। এছাড়াও পূজা উদযাপন কমিটির নেতা বাবু সোনা মহন্ত, অর্জন মহন্তসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে। একই সাথে অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নেওয়ার পাশাপাশি সামসুজ্জামান সামু সম্প্রতি ক্রীড়া বোর্ড রংপুর বিভাগীয় কমিটির কাউন্সিলর এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবেও দায়িত্ব লাভ করেছেন।