পূর্ব সুন্দরবনের সুপতি বনাঞ্চলে ট্রলার বোঝাই বস্তাভর্তি বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদ জব্দ

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

Date: রবিবার, জুন ২১, ২০২৬
news-banner
পূর্ব সুন্দরবনে হরিণ শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বনরক্ষীরা। সুপতি বনাঞ্চলে রবিবার সকালে বনরক্ষীদের হাতে আটক হয়েছে ট্রলারসহ বস্তাভর্তি বিপুল পরিমাণ হরিণ ধরার নাইলনের ফাঁদ ও বরফ।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশনের বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুন) সকাল ৭টার দিকে সুপতি বনাঞ্চলের বেতমোর গাং (পাটাকাটা সংলগ্ন) এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলার চলন্ত অবস্থায় দেখতে পায়। বনরক্ষীরা ট্রলারটি থামাতে নির্দেশ দিলে ট্রলার আরোহী শিকারীরা সুন্দরবনের পাশে ট্রলার ভিড়িয়ে ট্রলার থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারে তল্লাশী করে ৪ বস্তা হরিণ ধরার নতুন তৈরী মালা ফাঁদ, ট্রলারের মধ্যে পলিথিন দিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা বরফের স্ত‚প, মাংস পরিমাপ করা দাঁড়িপাল্লা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, অজ্ঞাত পরিচয়ের শিকারীচক্র ফাঁদ দিয়ে হরিণ ধরার জন্য রাতের আধারে সুন্দরবনের সুপতি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করেছিলো। আগাম গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে শিকারীদের অপচেষ্টা নস্যাৎ করে তাদের ট্রলার ও বস্তাভর্তি বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর ফলে অনেক হরিণের জীবন রক্ষা পেয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

Leave Your Comments