পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা আবু সারওয়ার বকুল আটক, কারাগারে প্রেরণ

আব্দুল্লাহা আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি :

Date: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
news-banner
পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আবু সারওয়ার বকুলকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার পুলিশ জানায়, আবু সারওয়ার বকুলের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে বকুলের পরিবারের দাবি, সোমবার রাতে তিনি নিজ বাড়িতে টেলিভিশনে খেলা দেখছিলেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আবু সারওয়ার বকুল রাজনৈতিক মামলার আসামি। বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের কার্যক্রমের বিষয়ে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

Leave Your Comments