লালচাঁদপুর ফাজিল মাদরাসার শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ ১৬ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের নির্দেশ

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: শনিবার, জুন ২৭, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে অবস্থিত লালচাঁদপুর খায়রুল উলুম বহুমুখী ফাজিল মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ ১৬ মাস ধরে বন্ধ থাকা বেতন-ভাতা দ্রুত পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির তৃতীয় সংবিধি-২০২৩ এর বিধি অনুযায়ী এই নির্দেশনা প্রদান করা হয়। গত ২৪ জুন ২০২৬ তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মমতাজী স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে সোনালী ব্যাংক পিএলসি-এর গঙ্গাচড়া শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট দাপ্তরিক সূত্র (স্মারক নং-ইআবি/রেজি/প্রশা/ফা.গ.ব/র-১১৩/২০১৭/৮৮৭) থেকে জানা গেছে, লালচাঁদপুর খায়রুল উলুম বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ জনাব আবুল খায়ের মো: ইকরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে তিনি এই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (নং- ১৬১৮৯/২০২৫) দায়ের করলে আদালত উক্ত বরখাস্ত আদেশের কার্যকারিতা স্থগিত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পত্রে উল্লেখ করা হয়, আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় আবুল খায়ের মো: ইকরামুল হকের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই। এছাড়া বর্তমানে মাদরাসাটিতে কোনো অনুমোদিত গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি না থাকায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ এর বিধি ১১.৬(ঙ) অনুযায়ী মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন বিল প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উল্লেখ্য, অভ্যন্তরীণ ও আইনি জটিলতার কারণে এই মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘ ১৬ মাস ধরে তাদের বৈধ বেতন-ভাতা উত্তোলন করতে পারছিলেন না। বিশ্ববিদ্যালয়ের এই যুগোপযোগী নির্দেশনার ফলে দীর্ঘ দিন ধরে মানবেতর জীবনযাপন করা শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন প্রাপ্তির পথ সুগম হলো। 

Leave Your Comments