পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের বনরক্ষীরা শনিবার (২৭ জুন) সকালে সুন্দরবনের কটকা অভয়ারণ্যের নদীতে টহলকালে বদরউদ্দিন খালে একটি জেলে নৌকায় জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীরা ৩ জেলেকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। জব্দ করা হয় ট্রলারসহ মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম। আটক জেলেরা হচ্ছে,শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মোঃ সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের মোঃ বেল্লাল হাওলাদার। আটক জেলেদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। কটকা অভয়ারণ্যে আটক জেলেরা বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরছিলো। আটক জেলেদের বিরদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের শনিবার (২৭ জুন) বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।