আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হওলাদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী মনির হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মো. হোসাইনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন চাকলাদার, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুর ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহাসিন শিকদার, সাবেক শিক্ষক আব্দুল হালিম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন পিন্টু, কাতারপ্রবাসী তুহিন ভূইয়া, ব্যবসায়ী দেলোয়ার হোসেন শেখ, ব্যবসায়ী মো. জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বয়রাগাদী ইউনিয়নের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হওলাদার উপস্থিত সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে বয়রাগাদী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সবার অংশগ্রহণে একটি আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, শিক্ষা খাতের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, মাদকমুক্ত সমাজ গঠন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।