রংপুরের ঘাঘট সেনা প্রয়াস পার্কে আগামী ২৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 'গ্রামীণ ও কুটির শিল্প পণ্য মেলা'। মেলা উপলক্ষে পার্ক প্রাঙ্গণে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকরা জানিয়েছেন, মেলার মূল অবকাঠামোগত কাজ প্রায় শেষ এবং আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে। মেলার সার্বিক বিষয়ে আয়োজক কমিটির পক্ষে বাবুল সাংবাদিকদের জানান, "আমরা ইতোমধ্যে অধিকাংশ দোকান মালিকদের তাদের নির্ধারিত স্টল ও দোকান বুঝিয়ে দিয়েছি। এবারের মেলার মূল আকর্ষণ হবে দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ও নান্দনিক আলোকসজ্জা। দর্শনার্থীদের আকর্ষণ করতে লাইটিং ও সাজসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।" মেলার দৃষ্টিনন্দন গেট নির্মাণের দায়িত্বে থাকা মারুফ জানান, "অন্য যেকোনো মেলার তুলনায় এবারের গেট এবং আলোকসজ্জা হবে সম্পূর্ণ আলাদা ও আধুনিক। মেলায় আসা দর্শনার্থীরা প্রবেশপথেই এক অনন্য অভিজ্ঞতা পাবেন। নির্মাণের কাজ প্রায় শেষ, আগামী ৩-৪ দিনের মধ্যে তা পুরোপুরি দৃশ্যমান হবে।" রংপুর সেনানিবাসের মনোরম ঘাঘট সেনা প্রয়াস পার্কে আয়োজিত এই মেলায় স্থানীয় কুটির শিল্প, হস্তশিল্প ও গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্যের বিপুল সমাহার থাকবে। আয়োজক কমিটির পক্ষ থেকে রংপুরের সর্বস্তরের জনগণকে পরিবার-পরিজন নিয়ে মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।