পূর্ব সুন্দরবনের সংরক্ষিত কোকিলমনি বনাঞ্চল এলাকায় প্রবেশ করে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে ৮ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৩ শত নিষিদ্ধ কাঁকড়া ধরার চারু, আনুমানিক ৬০ কেজি কাঁকড়া এবং একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আটককৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত অভিযান পরিচালনার সময় কোকিলমনি অভয়ারণ্যের 'তিন কোনা আইল্যান্ড' এলাকা থেকে কাঁকড়া ধরা অবস্থায় এই ৮ জেলেকে হাতেনাতে আটক করেন।
আটককৃত জেলেরা হলেন— মো: মহিদুল শেখ (৩৬), মো: আবু সুফিয়ান শেখ (২৯), মো: হোসাইন হাওলাদার (২৫), মো: শুকুর আলী (৩৫), মো: রুবেল শেখ (২৮), মো: জোলার শেখ (২৬), মো: হোসাইন শেখ (২২) এবং মো: ইমরান শেখ (৩৫)। বনরক্ষীরা জানান, আটককৃত সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার বকুলতলা গ্রামে।
বন সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মোংলা ও রামপালের একটি প্রভাবশালী সিন্ডিকেট নিষিদ্ধ এই সময়ে সুন্দরবনের পুরো চাঁদপাই রেঞ্জ এবং শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকায় রাতের আঁধারে জেলেদের দিয়ে বেআইনিভাবে কাঁকড়া ও মাছ আহরণ করে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, সংরক্ষিত সুন্দরবনে প্রজনন ও সুরক্ষা সংক্রান্ত চলমান নিষিদ্ধ সময়ে অভয়ারণ্যে অবৈধ প্রবেশ এবং কাঁকড়া আহরণ করায় আসামীদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার আটক ৮ আসামীকে মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।