মোরেলগঞ্জে বিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
news-banner
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১০৯ নম্বর উত্তর সুতালডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় অনিয়ম এবং বিধিবহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের  জমিদাতা মো. জিয়াউল হাসান বাদি হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী বিদ্যালয়ের জমিদাতা মো. জিয়াউল হাসান তার লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি অবগত। বর্তমানে বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত থাকলেও তাদের মধ্যে দুজন স্থানীয় এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, শিক্ষকদের দায়িত্ব পালনে যথাযথ মনোযোগ ও আন্তরিকতার অভাবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ১০-১৫ জনে নেমে এসেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 অভিযোগে আরও বলা হয়, অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় না। শিক্ষকদের দায়িত্বে অবহেলা ও অনাগ্রহের কারণে ক্যাচমেন্ট এলাকার অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করেছেন।

এছাড়া বিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে কেউ আপত্তি বা প্রশ্ন তুললে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রহিমা আক্তারসহ কয়েকজন শিক্ষক উপজেলা সদরের বিভিন্ন ব্যক্তির মাধ্যমে অভিভাবকদের ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

 অভিযোগকারী দাবি করেন, বিদ্যালয়ের বর্তমান ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাধারণ অভিভাবক, জমিদাতা ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথভাবে অবহিত করা হয়নি এবং তাদের মতামতও নেওয়া হয়নি। ফলে বিধিবহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

লিখিত আবেদনে বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, শিক্ষক উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি তদন্ত, শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণ অনুসন্ধান, ক্যাচমেন্ট এলাকার অভিভাবকদের বক্তব্য গ্রহণ এবং বর্তমান ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না তা তদন্ত এবং অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

অভিযোগকারী বলেন, বিদ্যালয়ের সুন্দর পরিবেশ, শিক্ষার মান ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যব্যবস্থা নেওয়া 
জরুরি।

Leave Your Comments