ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ আহত-৮

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
news-banner
ময়মনসিংহ হালুয়াঘাট শেরপুর হাইওয়ে সড়কের আলালপুর নামক এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন যাত্রী ও অন্তত আট জন যাত্রী আহত হয়েছে।

২ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ রোজ বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর নামক এলাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও অজ্ঞাত পরিচয় আরো এক পুরুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হালুয়াঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি আলালপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাট গামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামের এক যাত্রী মারা যান। এছাড়া আহত হয় অন্তত আটজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকগণ আরো দুজনকে মৃত ঘোষণা করেন। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আল আমিনের কাছে জানতে চাইলে তিনি জানান,আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা ছয় জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।বাস দুটি জব্দ করা হয়েছে।তবে দুই বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments