ব্যবসায় বিনিয়োগের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে সবুজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ফলের আড়তে ব্যবসা করার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন সবুজ। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর দীর্ঘদিন ধরে ‘দিচ্ছি, দেব’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন সবুজ। পরে যেসব এলাকা থেকে তিনি টাকা নিয়েছেন, সেসব এলাকা থেকে রাতের আঁধারে বাসা পরিবর্তন করে অন্যত্র চলে যান বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তল্লা এলাকার চায়ের দোকানদার কাদির মিয়া অভিযোগ করে বলেন, ব্যবসার কথা বলে কান্নাকাটি করে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেন সবুজ। টাকা নেওয়ার পর প্রায় দুই বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত সেই টাকা ফেরত দেননি তিনি।
কাদির মিয়া বলেন, ‘পরে আমি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জানতে পারি, সবুজ তল্লা এলাকা থেকে রাতের আঁধারে বাসা পরিবর্তন করে অন্য কোথাও চলে গেছে। এরপর ফোনে যোগাযোগ করলে বিভিন্ন তালবাহানা করে শুধু ঘুরাতে থাকে।’
তার অভিযোগ, একপর্যায়ে টাকা ফেরত চাওয়ার পর সবুজ তাকে বলেন, ‘আমি টাকা দিবো না, পারলে টাকা নিছ।’
ভুক্তভোগীদের দাবি, ব্যবসার কথা বলে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে বিষয়টির সমাধান করা হোক। একই সঙ্গে এ ধরনের প্রতারণার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেছেন তারা।
তবে সবুজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।