দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ইং এর অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
১২ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ রোজ শনিবার তারাকান্দা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে ভবন ও অফিস চত্বরের আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে কোনো পাত্র, ড্রাম, পরিত্যক্ত সামগ্রী কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। নিয়মিত কর্মস্থল, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, অফিস চত্বর, নির্মাণাধীন ভবন এবং আশপাশের যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্পৃক্ত করতে হবে।
এসময় আরও বলা হয়েছে,পরিচ্ছন্নতা একটি দিনের কার্যক্রম নয়; এটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পরিবার, প্রতিষ্ঠান ও সামাজিকভাবে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীনসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই, এমন বার্তা দিয়ে অভিযানে অংশগ্রহণকারীরা সবাইকে নিজ নিজ ঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।