সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলায় মোখছেদ আলীর যাবজ্জীবন কারাদণ্ড

এম আজম কামাল সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধিঃ

Date: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
news-banner
নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মোখছেদ আলী প্রামাণিক সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মোখছেদ আলীর বাড়ির উঠানে তাঁর নাতনির সঙ্গে খেলছিল। পরিবারের অন্য সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এক বছরের মধ্যে আদালত রায় ঘোষণা করেন।
শিশুটির বাবা দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, “ভুক্তভোগীরা এভাবে দ্রুত বিচার পেলে সমাজে ধর্ষণের মতো ঘটনা কমবে। এ রায়ে আমরা সন্তুষ্ট।”
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
তিনি আরও জানান, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মাত্র এক বছরের মধ্যে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়েছে।

Leave Your Comments