প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

নিজস্ব প্রতিবেদকঃ

Date: শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
news-banner
“হাত বাড়াই মানবতার টানে”—এই স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানববন্ধু সংগঠন কেন্দ্রীয় কমিটি।
‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের মধুঘর এলাকায় অবস্থিত ‘আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা স্কুলে’ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার, খাতা, রাবার ও পেন্সিল বিতরণ করা হয়।
‎খাবার ও শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ সময় আয়োজক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
‎‘আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম সেলিম রেজা বলেন, বাংলাদেশ মানববন্ধু সংগঠন কেন্দ্রীয় কমিটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে সহযোগিতার হাত বাড়িয়েছে, এতে তারা অত্যন্ত কৃতজ্ঞ। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সূর্য আহমেদ মিঠুনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
‎অনুষ্ঠানে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে তাদের সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
‎বাংলাদেশ মানববন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন বলেন, প্রতিটি মানুষেরই সমাজ ও দেশের প্রতি কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ মানববন্ধু সংগঠন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
‎তিনি বলেন, “আজ যে প্রতিবন্ধী স্কুলটিতে আমরা খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করেছি, সেটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলে ভাঙা টিনের ছাদ দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিবন্ধী শিশুদের পাঠদান ব্যাহত হয়। দেয়ালে ফাটল রয়েছে এবং পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমের সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অবস্থান করাও কষ্টকর হয়ে পড়ে।”
‎বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‎সূর্য আহমেদ মিঠুন আরও বলেন, সততা ও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশ মানববন্ধু সংগঠনকে ভবিষ্যতে একটি বৃহৎ মানবিক সংগঠনে পরিণত করার লক্ষ্য রয়েছে। এ জন্য তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
‎অনুষ্ঠান শেষে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের প্রচার সম্পাদক খোকন এর মরহুমা মায়ের রুহের মাগফিরাত, সহ-সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ মুন্সির সুস্থতা এবং সংগঠনের সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সানোয়ার খান, সিনিয়র সহ-সভাপতি মো. বশির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা লিজা, কার্যকরী সদস্য ভূইয়া কাজল, অর্থ সম্পাদক মো. সোলায়মান, কার্যকরী সদস্য মো. সমুদ্র আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave Your Comments