ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন এবং ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে সূত্রে জানা গেছে।
১৮ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। তিনি উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়,রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।গত বুধবার সন্ধ্যায় রানীচাপুর এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রথম দফা সংঘর্ষ হয় এরপর ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবার মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এমতাবস্থায় থেমে থেমে সারা দিন ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন লোক আহত হন।সংঘর্ষে আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ,সংঘর্ষের এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন এবং অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ নাসিরুদ্দিন বলেন, দুই পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় দুটি মামলা হয়েছে। সংঘর্ষে নিহতের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে রানীচাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।