তেঁতুলিয়ায় রূপা বিক্রির প্রলোভন দেখিয়ে ১১ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:

Date: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রূপার জিনিস বিক্রির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দিলীপ কর্মকার নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগটি করেন। 

বুধবার ২৩ সেপ্টেম্বর অভিযোগ সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রূপার জিনিস বিক্রির কথা বলে দুই ব্যক্তি নিজ দোকানে আসেন। পরবর্তীতে ভুক্তভোগীকে ভজনপুর কলেজের সামনে রূপা দেখানো কথা বলে ফোনে ডেকে নেন।পরের দিন টাকা নিয়ে রূপার কয়েন আনতে গেলে দুই জন নারী ও এক জন পুরুষ রূপার কয়েন নিয়ে এসে তা বাদীকে দেখান। ১১ লাখ টাকা গণনার সময় প্রতারকরা একটি কলস দিয়ে চলে যায়। কিছুদূর যাওয়ার পর সন্দেহ হলে কলস খুলে বালু ও পাথর ভর্তি লোহার চাকটি দেখতে পান ভুক্তভোগী। পরবর্তীতে অভিযুক্তের নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। 

অসৎ উদ্দেশ্যে রূপা বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন জানানো হয়েছে। 

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) লাইছুর রহমান বলেন:রূপার লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১১লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার একটি লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Leave Your Comments