রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। রাস্তার উন্নয়নের অজুহাত দেখিয়ে তোলা এসব বালু ও মাটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালাবাড়ি এলাকার হাজীপুর গ্রামে নদী থেকে ড্রেজার বা মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে।স্থানীয়দের কাছে দাবি করা হচ্ছে, এই বালু রাস্তার কাজে ব্যবহার করা হবে। তবে এলাকাবাসীর অভিযোগ, রাস্তার নাম ভাঙিয়ে মূলত স্থানীয় কিছু খামারি তাদের ব্যক্তিগত খামার ভরাটের জন্য অবৈধভাবে এই বালু উত্তোলন করছেন। স্থানীয়দের দাবি, কাঙ্ক্ষিত রাস্তার সংস্কার যেমন দ্রুত হওয়া প্রয়োজন, তেমনই সরকারের উচিত নদীর পরিবেশ নষ্ট করে ব্যক্তিগত স্বার্থে বালু তোলা স্থায়ীভাবে বন্ধ করা। এদিকে একই এলাকার বালাবাড়ি জানপুর গ্রামে ফসলি জমি থেকে মেশিন দিয়ে মাটি কেটে নিজের নির্মাণাধীন বাড়ি ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের অনুমতি নিয়েই জমি থেকে মাটি কাটছেন। তবে মাটি বা বালু উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)। তিনি বলেন, "সরকারিভাবে নদী বা কৃষিজমি থেকে বালু-মাটি তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আমার নাম ভাঙিয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন।" এসিল্যান্ড আরও জানান, বিষয়টির সম্পর্কে তিনি ইতোমধ্যে অবগত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে এসব অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।