নদী রক্ষা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীদূষণ রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, তেঁতুলিয়া থেকে শুরু হওয়া ‘নোঙর’-এর এই উদ্যোগ নদী ও পরিবেশ রক্ষায় দেশব্যাপী জনসচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখবে।
শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর পাড়ে পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ নোঙর’ আয়োজিত ‘রিভার ক্যাম্প’-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও আনুষ্ঠানিক পতাকা উত্তোলনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী তেঁতুলিয়ার পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি নদী ও প্রাকৃতিক পরিবেশের নান্দনিক সৌন্দর্য রক্ষায় সুনির্দিষ্ট কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পঞ্চগড়ের সীমান্তবর্তী মহানন্দা নদীর পাড় থেকে নদী সুরক্ষার যে বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা প্রশংসনীয়। সারা দেশে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
সভায় বাংলাদেশ নোঙরের সভাপতি সুমন শামস জানান, তেঁতুলিয়ার মহানন্দা নদীর প্রথম পয়েন্ট থেকে শুরু হওয়া এই রিভার ক্যাম্প পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার নদ-নদীকে কেন্দ্র করে পরিচালনা করা হবে। তেঁতুলিয়া থেকে সেন্টমার্টিন পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে নদী সুরক্ষার এই কর্মসূচি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
উপজেলা পরিষদ হলরুমে নোঙর সভাপতি সুমন শামসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ এবং নোঙর রিডার পঞ্চগড়ের আহ্বায়ক ও সাংবাদিক নেতা সরকার হায়দারসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা।