ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে ট্রাকের ধাক্কায় সামিয়া আক্তার রিনা (৩০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসাবাড়ির মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
২৯ অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রিনা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাগড়া গ্রামের সাগর মিয়ার স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পিকআপভ্যানে করে বাসাবাড়ির মালামাল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রিনা।পথে গৌরীপুরের বেলতলী এলাকায় মহাসড়কের পাশে পিকআপটি দাঁড় করানো হয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৩৩৩৬) পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রিনা।
দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানায় মামলা করেছেন।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।